
মোঃ সিফাতুল্লাহ তাসনীম
ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি আবু সাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন (ঢাকা কলেজ), সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত বিজয় (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক আসাদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অর্থ সম্পাদক মাহমুদুল হাসান শাকিব (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক হুরনি মদিনা লিসা (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক জান্নাতুল মুশরাত জেবিন (ইডেন মহিলা কলেজ), উপ-দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক মো. রেদোয়ান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিক খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান (ঢাকা কলেজ), প্রচার সম্পাদক আফিয়া আলম (ইসলামী বিশ্ববিদ্যালয়), উপ-প্রচার সম্পাদক মো. রনি চৌধুরী (বেসরকারি বিশ্ববিদ্যালয়) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর হোসেন নয়ন (জাতীয় বিশ্ববিদ্যালয়)।
এছাড়া সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মেহরাব হোসেন (বরিশাল বিশ্ববিদ্যালয়), মাফরুহা তাসনিম (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), সুমাইয়া আক্তার (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মো. হাসিবুল হাসান হিমেল (ঢাকা কলেজ)।
নবমনোনীত সভাপতি মো. রুহুল আমিন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করছে। আমাদের তরুণ লেখকেরা জাতীয় পত্রিকায় কুসংস্কার, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত লিখে সাধারণ মানুষকে সচেতন করছেন। নতুন লেখক তৈরি ও লেখার মান বৃদ্ধি করে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।” এই বুদ্ধিবৃত্তিক লড়াইকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া বলেন, “দেশের সম্ভাবনাময় তরুণদের মেধা ও চিন্তাশক্তিকে সমাজ কল্যাণে কাজে লাগাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের চিন্তাশীল লেখনীর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল প্রত্যাশা।”
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহায়তা এবং বিভিন্ন কর্মশালা আয়োজনের মাধ্যমে বর্তমানে দেশের ২৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজে শাখা বিস্তৃত করে কাজ করে যাচ্ছে সংগঠনটি।