
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মুরগি বিক্রির জন্য পুটিয়াজানি হাটে যান আসিফ। সেখানে চাচাতো ভাই তামিমকে কাজের কথা বলে সেখান থেকে চলে আসেন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি পরিবারের সদস্যরা পুলিশকে জানান।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা গাড়াইল আন্ডারপাস এলাকায় একটি ডোবার পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আসিফ গতকাল থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।