
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল সাত্তারের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে এতে খোলামেলা আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা কার্যালয়ে উপজেলা শাখার জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ডিমলা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। সভায় এলাকার বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত সমস্যার কথা এমপির দৃষ্টিগোচর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতে সেক্রেটারী তাজুল ইসলাম, ডিমলা উপজেলা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারী কাজী রকুনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়নের আমীর ও উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী নূর মোবাশ্বের হোসেন প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে, এমপি আব্দুল সাত্তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান,”ডিমলা উপজেলার অসমাপ্ত উন্নয়নকাজগুলো দ্রুত সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার সঠিক চিত্র তুলে ধরে উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”
মতবিনিময় শেষে এমপি আব্দুল সাত্তার সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং এলাকার সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাই মিলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।