
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ মান্দা সাহাপাড়ার মৃত আওরঙ্গজেবের ছেলে মোঃ সাইদুর রহমান নাসিরের বিরুদ্ধে তথ্য গোপন করে একই জমি একাধিকবার বিক্রির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইদুর রহমান নাসির ২০০৯ সালে নিজ জমি ভাইয়ের নামে লিখে দেওয়ার পরও তথ্য গোপন করে ২০২১ সালে দক্ষিণ মান্দা পালপাড়ার সাজেদা খাতুনের (স্বামী আকবর আলী) নিকট জমিটি পুনরায় বিক্রি করেন। পরবর্তীতে ২০২৪ সালে সাজেদা খাতুন জমিটি মণ্ডতোষ গ্রামের মোঃ সাইফুল ইসলামের (পিতা আব্দুল ওয়াহাব) নিকট বিক্রি করেন। ক্রেতা সাজেদা খাতুন ও সাইফুল ইসলাম উভয়েই জমিটির নামজারি (খারিজ) ও খাজনা পরিশোধ করেন।
পরবর্তীতে ভাঙ্গুড়া পৌরসভা সরেজমিনে সাইফুল ইসলামকে জমিটি বুঝিয়ে দেয়। কিন্তু জমিতে থাকা গাছ কাটতে গেলে সাইদুর রহমান নাসির বাধা প্রদান করেন এবং হুমকি-ধমকি দেন। স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক বসানো হলেও তিনি তা অমান্য করছেন। বর্তমানে ভুক্তভোগী সাইফুল ইসলাম আইনি ও প্রশাসনিক সহায়তার দাবি জানিয়েছেন।