
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে নিখোঁজের চার দিন পর মফিজুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মফিজুল ইসলাম হরিণদিয়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে মফিজুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের দাবি, মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।