
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে ঢাকার উত্তরা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত মো. নাঈম (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটের দিকে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ও র্যাব-১-এর সিপিসি-২, উত্তরা যৌথ অভিযান চালিয়ে উত্তরা এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করে। একই সময় তার হেফাজত থেকে ১৩ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার নাঈম টাঙ্গাইলের মধুপুরের বাসিন্দা এবং ভুক্তভোগীর প্রতিবেশী। বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ২০২৫ সালের ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে ভুক্তভোগী নিজ বাড়ি থেকে পরীক্ষা দিতে মাদ্রাসায় যাওয়ার পথে নাঈম তার সহযোগীদের সহায়তায় তাকে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ৩ নভেম্বর মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৩০ ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ০৭।
মামলা হওয়ার পর থেকেই র্যাব ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) উত্তরা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নাঈমকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগী ও গ্রেপ্তার নাঈমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।