
কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে জুম্মার নামাজের সময় এলাকার মানুষের ব্যস্ততার সুযোগ নিয়ে মাইক্রোবাসে করে ছাগল চুরির অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ইকড়া মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) ও ওমর ফারুক (৭)। সম্পর্কে তারা মা, ছেলে ও নাতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুম্মার নামাজের সময় অধিকাংশ মানুষ ব্যস্ত থাকায় নির্জনতার সুযোগ নেয় সংঘবদ্ধ চক্রটি। সাধারণ মানুষের সন্দেহ এড়াতে তারা পরিবার সেজে মাইক্রোবাসে এলাকায় ঘোরাফেরা করছিল বলে স্থানীয়দের অভিযোগ।
একপর্যায়ে রাস্তার ওপর থেকে একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তুলে নেয় তারা। পরে ইকড়া গ্রামের ভেতর থেকে দ্বিতীয় একটি ছাগল গাড়িতে তোলার চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূর্তের মধ্যে স্থানীয় জনতা একত্রিত হয়ে মাইক্রোবাসটির গতিরোধ করে তিনজনকে আটক করে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাল রঙের ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের কালো রঙের একটি মাইক্রোবাসসহ আটক তিনজনকে উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে প্রথম ছাগলটি চুরি করার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, দুপুরে ছাগল চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের হেফাজতে নেয়। এ সময় একটি চুরিকৃত ছাগলসহ ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।