
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগ ও প্রচেষ্টায় টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহ এবং যোগ্য প্রার্থী বাছাই করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ জব ফেয়ারের আয়োজন করা হয়।
জব ফেয়ারে ৫১টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন করছেন এবং সিভি সংগ্রহ করছেন। চাকরিপ্রত্যাশীরা সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে চাকরির সুযোগ সম্পর্কে জানতে পারছেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত তরুণ-তরুণী বিভিন্ন সময়ে জেলা প্রশাসনের কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তাদের কথা বিবেচনা করেই প্রথমবারের মতো এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থী বাছাই করতে পারবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে চাকরি ও কর্মসংস্থানের বিষয়ে উৎসাহ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জব ফেয়ারের আয়োজন করা হবে।
জব ফেয়ারে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।