
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এক কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১:৩০ মিনিট থেকে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে পরিচালিত এই বিশেষ টাস্কফোর্স অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়েছে।
অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি ইঞ্জিনচালিত নৌকা এবং ৪টি শ্যালো মেশিন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মালামাল জব্দ: ৩টি লৌহদণ্ড, ১২টি প্লেন সিটের তৈরি লোহার ডালি এবং ৬টি বেলচা উদ্ধার করে জব্দ করা হয়। জিম্মা জিম্মাদার: জব্দকৃত সমস্ত মালামাল বার্ণিঘাট বিওপির (বিজিবি) জিম্মায় রাখা হয়েছে।
উক্ত যৌথ টাস্কফোর্স অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরানুজ্জামান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-র মেজর জুলকার নাঈন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষায় রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ৬২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল নিরলস ও সক্রিয় সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসন সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি পোষণ করে। তিস্তা নদীর প্রাকৃতির সাম্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।