
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
বয়স্ক ও বৃদ্ধদের জন্য বিভিন্ন মেডিকেল ক্যাম্পের আয়োজনের কথা সাধারণত শোনা গেলেও শিশুদের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারও দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প চলবে।
ক্যাম্পের উদ্বোধন করেন জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মফিজুল ইসলাম বাবু। ক্যাম্প বাস্তবায়নে জীবন উন্নয়ন সংস্থা সার্বিক সহযোগিতা করছে বলে জানান তিনি।
মেডিকেল ক্যাম্পে দুইজন মেডিকেল অফিসার ডা. মাহফুজ ও ডা. তামান্না ইয়াসমিন শিশুদের চিকিৎসাসেবা প্রদান করেন। প্রথম দিনেই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের এলাকার শিশু ও তাদের অভিভাবকদেরও এ চিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, শিশুদের সুস্থতা নিশ্চিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শিশুদের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে এমন উদ্যোগ স্থানীয় অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।