
দোলা আক্তার মিলা
ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি
সরকারি চাকরিতে ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরে
(বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান খান বলেন, “ভাইভা পরীক্ষার নম্বর ব্যাপকভাবে বাড়ানো হলে মেধাবীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনোভাবেই এ ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারেক হাসান বলেন, “নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা শিক্ষার্থীদের প্রত্যাশা। ভাইভার নম্বর বাড়িয়ে কোটার চেয়েও বড় ধরনের বৈষম্যের সুযোগ তৈরি করা হচ্ছে।”
বক্তারা বলেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বেশি নম্বর রাখা হলে নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। এতে মেধাভিত্তিক নিয়োগ ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় শিক্ষার্থীরা ভাইভা পরীক্ষার আগের নম্বর কাঠামো বহাল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।