
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেসক্লাব কোটচাঁদপুরের সাবেক সভাপতি মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেসক্লাব কোটচাঁদপুরের কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর খান।
স্মরণসভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁদের অবদান ও পেশাগত নিষ্ঠার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণে মরহুম শেখ নজরুল ইসলাম ও খন্দকার শামসুজামান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জামান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান আপেল,সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার, রফিক মন্ডল, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম রেজা, বিএম ওয়াদুদ, সুব্রত কুমারসহ স্থানীয় সাংবাদিকরা।
পরে মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম আব্দুল্লাহ।