
নিজস্ব প্রতিবেদক, ভোরের বাংলা
ঢাকা: রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেটে যানজট নিরসন ও পথচারীদের চলাফেরা নির্বিঘ্ন করতে ফুটপাত ও রাস্তার পাশের অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের দিকে ফার্মগেট ওভারব্রিজ ও সংলগ্ন রাস্তার দুই পাশে এই অভিযান শুরু হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট ভেঙে দেয়। হকারদের ফেলে যাওয়া ও জব্দ করা মালামাল এবং দোকানপাটের সরঞ্জামাদি ডাম্পিং করে সিটি কর্পোরেশনের ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে এই অভিযান শুরু হওয়ায় হকারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে নিজেদের মালামাল গুটিয়ে নেওয়ার সুযোগ পেলেও, অনেকেই তা পাননি। সিটি কর্পোরেশনের গাড়ি চলে যাওয়ার পর ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাকি জিনিসপত্র অনেকে যে যার মতো কুড়িয়ে নিয়ে স্থান ত্যাগ করেন।
স্থানীয় পথচারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফার্মগেটের মূল সড়কে অবৈধ হকারদের কারণে প্রতিনিয়ত তীব্র যানজট ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে।
সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মকর্তা জানান, ফুটপাত ও মূল সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।