
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জানাব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২২সেপ্টেম্বর )সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে । নিহত জনাব আলী নতুন মুলগ্রামের মৃত ইমান আলীর ছেলে । স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে গ্রামের একটি বিলে মাছ ধরতে যান এ সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল । হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিক্ষার পর তাকে মৃত্যু ঘোষণা করেন । কেশবপুর সদর ইউনিয়নের নতুন মুলগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বজ্রপাতে কৃষক জনাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, সকালে বিলে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাতের কবলে পড়েন জনাব আলী । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি । কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। #