
মোছাঃ রত্না আক্তার রেশমী
আগে যে কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা লাগত, এখন তা কয়েক মিনিটেই হচ্ছে। বাংলা লেখা, অনুবাদ, পড়াশোনা কিংবা তথ্য খোঁজা—কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বদলে দিচ্ছে মানুষের ভাষা ব্যবহারের অভ্যাস। কিন্তু প্রযুক্তির এই সুবিধার সঙ্গে কি বদলে যাচ্ছে বাংলা ভাষার স্বর, স্বাদ ও নিজস্বতা?
রাতের পড়ার টেবিলে বসে একটি বাংলা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। বিষয়টি কঠিন নয়, কিন্তু শুরুটা কোথা থেকে করবেন সেটিই বুঝতে পারছেন না। আগে হয়তো বইয়ের পাতা উল্টাতে হতো, বন্ধুকে ফোন করতে হতো কিংবা গুগলে একের পর এক তথ্য খুঁজতে হতো। এখন কাজটি অনেক সহজ।
মুঠোফোনে কয়েকটি শব্দ লিখে AI-কে প্রশ্ন করলেই কয়েক সেকেন্ডের মধ্যে হাজির হচ্ছে উত্তর। চাইলে সেটিকে আরও সহজ বাংলায় লিখে দেওয়া যায়, আবার ইংরেজিতে অনুবাদও করা যায়। শিক্ষার্থীদের কাছে তাই AI এখন শুধু প্রযুক্তি নয়, অনেকটা পড়ার টেবিলের একজন অদৃশ্য সহকারীর মতো।
কিন্তু এই সহজতার আড়ালেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন বাংলা ভাষার সঙ্গে AI-এর এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে?
‘বাংলায় লিখুন’ এখন আর অসম্ভব নয়।
একসময় কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে ইংরেজির ওপর বেশি নির্ভর করতে হতো। বাংলা ভাষায় প্রশ্ন করলে অনেক সময় কাঙ্ক্ষিত উত্তর পাওয়া যেত না। এখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।
বাংলায় প্রশ্ন করা, বাংলা লেখা তৈরি করা, অনুবাদ, সারাংশ তৈরি, বানান সংশোধন কিংবা কোনো জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা এসব কাজে AI-এর ব্যবহার বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিপ্রার্থী, শিক্ষক, সাংবাদিক, কনটেন্ট নির্মাতা বিভিন্ন শ্রেণির মানুষ দৈনন্দিন কাজেও AI ব্যবহার করছেন। ফলে প্রযুক্তির জগতে বাংলার উপস্থিতিও আগের চেয়ে দৃশ্যমান হচ্ছে।
কিন্তু AI-এর বাংলা কি মানুষের বাংলা?
একটি লেখা পড়লে অনেক সময় বোঝা যায়, সেটি যেন খুব পরিপাটি। বাক্যগুলো ব্যাকরণসম্মত, শব্দগুলোও যথাযথ। কিন্তু কোথাও কোথাও সেই লেখায় মানুষের স্বাভাবিক কথার উষ্ণতা নেই। কারণ ভাষা শুধু ব্যাকরণ নয়। একজন মা সন্তানের জন্য যে ভাষায় কথা বলেন, বন্ধুর সঙ্গে আড্ডায় যে ভাষা ব্যবহার হয় কিংবা গ্রামের হাটে মানুষ যে আঞ্চলিক শব্দে কথা বলেন এসবের মধ্যে রয়েছে মানুষের জীবন ও অভিজ্ঞতা। AI সেই ভাষাকে কতটা বুঝতে পারছে, সেটিই এখন বড় প্রশ্ন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কথ্য ভাষার দিকে তাকালেই বিষয়টি আরও স্পষ্ট হয়। রংপুরের কথ্য ভাষা আর চট্টগ্রামের কথ্য ভাষা এক নয়। সিলেট, বরিশাল কিংবা নোয়াখালীর ভাষাতেও রয়েছে আলাদা শব্দ, টান ও অভিব্যক্তি।
AI-এর কাছে এই বৈচিত্র্য কতটা পৌঁছেছে? হারিয়ে যেতে পারে কম ব্যবহৃত ভাষা
প্রযুক্তিতে যে ভাষার ডিজিটাল উপস্থিতি বেশি, সেই ভাষা নিয়ে AI-এর শেখার সুযোগও বেশি। ফলে বহুল ব্যবহৃত প্রমিত বাংলা যত বেশি ডিজিটাল কনটেন্টে থাকবে, আঞ্চলিক ভাষা ও কম ব্যবহৃত শব্দগুলো তত সহজে পিছিয়ে পড়তে পারে। এখানেই ভাষাবিদদের জন্য নতুন চিন্তার জায়গা তৈরি হয়েছে।
বাংলা ভাষার ডিজিটাল ভবিষ্যৎ শুধু শুদ্ধ বানান ও ব্যাকরণ দিয়ে তৈরি হবে না। এর সঙ্গে যুক্ত করতে হবে লোকভাষা, উপভাষা, প্রবাদ, লোককথা এবং বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব ভাষাভঙ্গি। নইলে ভবিষ্যতের কোনো AI হয়তো বাংলা বলতে পারবে, কিন্তু বাংলার সব মানুষকে বুঝতে পারবে না।
সাংবাদিকতার টেবিলেও ঢুকেছে AI
সাংবাদিকতার কাজেও AI-এর ব্যবহার বাড়ছে। দীর্ঘ প্রতিবেদন বা নথি থেকে তথ্য খুঁজে বের করা, অনুবাদ, তথ্য সাজানো, শিরোনামের খসড়া তৈরি কিংবা কোনো বিষয়ের প্রাথমিক ধারণা পেতে সাংবাদিকেরা AI ব্যবহার করতে পারেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—AI কোনো সাংবাদিকের চোখ, কান বা বিবেক নয়।
একটি ঘটনার পেছনের মানুষের গল্প বুঝতে মাঠে যেতে হয়। একজন ভুক্তভোগীর চোখের ভাষা দেখতে হয়। একজন প্রত্যক্ষদর্শীর কথার সঙ্গে অন্য তথ্য মিলিয়ে দেখতে হয়। সরকারি নথি যাচাই করতে হয়।
AI এসব কাজে সহায়তা করতে পারে, কিন্তু মানুষের জায়গা পুরোপুরি নিতে পারে না। বিশেষ করে AI যদি ভুল তথ্য তৈরি করে, তাহলে সেটি যাচাই না করে প্রকাশ করলে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সাংবাদিকতার ভাষায় যাকে বলা হয় fact-checking, সেটিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের কাছে সুবিধা, আবার ফাঁদও
AI-এর সবচেয়ে বড় প্রভাব হয়তো পড়ছে শিক্ষার্থীদের ওপর। কঠিন কোনো অধ্যায় সহজ করে বোঝানো, ইংরেজি লেখা বাংলায় অনুবাদ করা কিংবা পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক নোট তৈরি সবই এখন সহজ।
কিন্তু এখানেই রয়েছে বিপদ।
কোনো শিক্ষার্থী যদি প্রতিবার নিজের চিন্তা করার আগে AI-এর কাছে উত্তর চায়, তাহলে ধীরে ধীরে তার নিজের লেখার অভ্যাস ও বিশ্লেষণী ক্ষমতা কমে যেতে পারে।
আগে শিক্ষার্থীরা বলত, বইটা পড়ে বুঝতে পারছি না। এখন হয়তো বলা হচ্ছে, AI-কে জিজ্ঞেস করলেই তো উত্তর পাওয়া যায়।
দুই অভ্যাসের মধ্যে পার্থক্যটা ছোট মনে হলেও ভবিষ্যতের শিক্ষার জন্য তা গুরুত্বপূর্ণ।
বাংলা ভাষাকে AI-এর উপযোগী করে তুলতে হবে
বাংলা ভাষাকে প্রযুক্তির এই নতুন যুগে টিকিয়ে রাখতে শুধু AI ব্যবহার করলেই হবে না। প্রয়োজন বাংলা ভাষার বড় ও মানসম্মত ডিজিটাল ভান্ডার তৈরি করা।
পুরোনো বই, সংবাদপত্র, লোকসাহিত্য, আঞ্চলিক শব্দ, প্রবাদ-প্রবচন, কথ্য ভাষা এসবকে ডিজিটালভাবে সংরক্ষণ করা জরুরি। পাশাপাশি বাংলা ভাষার তথ্য নিয়ে গবেষণা করতে হবে।
বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তিবিদ, ভাষাবিদ ও গণমাধ্যম সব পক্ষকে এখানে একসঙ্গে কাজ করতে হবে। কারণ আগামী দিনের AI যত বেশি বাংলা বুঝবে, বাংলা ভাষার ভবিষ্যৎও তত বেশি প্রযুক্তির সঙ্গে যুক্ত হবে।
শেষ পর্যন্ত মানুষই
AI হয়তো কয়েক সেকেন্ডে একটি লেখা তৈরি করে দিতে পারে। কিন্তু একটি বাক্যের পেছনে মানুষের যে স্মৃতি, অভিজ্ঞতা, ভালোবাসা, ক্ষোভ কিংবা বেদনা থাকে, সেটি তৈরি হয় জীবনের ভেতর দিয়ে।
বাংলা ভাষার শক্তিও সেখানেই।
প্রযুক্তি বাংলা ভাষাকে আরও দূরে নিয়ে যেতে পারে। পৃথিবীর কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। নতুন প্রজন্মের জন্য বাংলা শেখাকে সহজ করতে পারে।
তবে শর্ত একটাই AI যেন বাংলা ভাষাকে শুধু ‘ডেটা’ হিসেবে না দেখে, মানুষের জীবন ও সংস্কৃতির অংশ হিসেবেও বুঝতে শেখে।
কারণ বাংলা ভাষার ভবিষ্যৎ শুধু AI কতটা ভালো বাংলা লিখতে পারে, তার ওপর নির্ভর করছে না।
নির্ভর করছে আমরা নিজেরা বাংলা ভাষাকে কতটা যত্নে ডিজিটাল ভবিষ্যতের জন্য রেখে যেতে পারছি, তার ওপর।