
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়নাল হক বেলুয়া গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। স্থানীয়রা জানান, আয়নাল হক সিএনজি অটোরিকশা চালানোর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন। গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তান রেখে চলে যান। পরে পরিবারের পরামর্শে বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। পরে বাসরঘরে অবস্থানকালে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
আয়নালের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।