
আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সামাজিক ও আঞ্চলিক সংগঠন ‘পাবনা ছাত্র কল্যাণ পরিষদ, যবিপ্রবি’ (PSWA-JUST)-এর উদ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার কৃতী সন্তান ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি পাবনা ও যশোরের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁর জন্ম পাবনায় হলেও মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন যশোর শহরে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে কর্মসূত্রে আবারও যশোরে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। ফলে যশোর ও পাবনা—দুই জেলাই তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের বলে উল্লেখ করেন তিনি।
পাবনা থেকে এসে যবিপ্রবিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি সুসংগঠিত থেকে নিজেদের দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (GEBT) বিভাগের মোঃ আলফি শাওর নিরবকে সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের মির্জা মহাদির হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ আলফি শাওর নিরব বলেন, ‘পাবনা ছাত্র কল্যাণ পরিষদ’ শুধু একটি সংগঠন নয়; যবিপ্রবি ক্যাম্পাসে এটি পাবনার শিক্ষার্থীদের জন্য এক টুকরো পাবনা। দূর থেকে আসা কোনো শিক্ষার্থী যেন ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা, আর্থিক সংকট কিংবা একাডেমিক জটিলতার মুখে একা হয়ে না পড়ে, সে বিষয়ে সংগঠনটি অভিভাবকের মতো পাশে থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণের পাশাপাশি বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান শিবিরসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটিকে আরও কার্যকর ও মানবিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শরিফুল ইসলাম (EEE) ও মোঃ জাফর ইকবাল (GEBT)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম ফয়সাল (PHAR) ও সামিন ইয়াসির নিলয় (MKT)। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রনি খান (CDM) এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ তৌহিদুল ইসলাম (MKT) দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ মোঃ আবদুল্লাহ আল আসিফ (PTR), সহ-কোষাধ্যক্ষ মোঃ সুরুজ মাহমুদ (Math), জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ আল আমীন হোসেন (ChE), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির সৈকত (CHEM) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোঃ ইয়াকুব আলী (PESS)।
ছাত্রকল্যাণ ও নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিয়া সুজানা ঐশী (Math), ফারহানা শারমিন (GEBT), ফারিয়া তন্নি (NFT) ও জারিন তাসনিম ঐশী (MKT)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ তানভীর আলম রাহাত (EEE), মোঃ শাহরিয়ার কবির তানভীর (PME), রুবাইয়াত সিদ্দিকা রোদসী (MB) ও রিফাত নাইমুর রহমান (PHAR)।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের বিদায়ী নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে যবিপ্রবির শিক্ষক, সাধারণ শিক্ষার্থী এবং সংগঠনের বিদায়ী নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। নতুন নেতৃত্বের মাধ্যমে পাবনা জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্পৃক্ততা ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।