
বিনোদন ডেস্ক
দীর্ঘদিন পর নতুন মৌলিক গান প্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকা; শিগগিরই দ্বিতীয় সিনেমা নির্মাণের ঘোষণা
দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও সংগীতে ফিরে এলেন দেশের বহুমুখী প্রতিভাবান তারকা—জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা কুসুম শিকদার। ২০১৭ সালে তাঁর আলোচিত একক গান ‘নেশা’ প্রকাশের দীর্ঘ সময় পর শুক্রবার (৯ অক্টোবর) মুক্তি পেয়েছে তাঁর নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’। প্রকাশের পর থেকেই গানটি সংগীতপ্রেমী ও ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
কক্সবাজারের মনোরম সমুদ্রসৈকত ও বিভিন্ন আকর্ষক লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে। ভিডিওটিতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে জুটি বেঁধেছেন শের শাহ রাসেল। নকুল সরকারের পরিচালনায় ‘প্রহর ডাঙ্গা পিকচার্স’র ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেল ও অফিশিয়াল ফেসবুক পেজে অবমুক্ত করা হয়েছে।
গানটির পেছনের গল্প শেয়ার করে কুসুম শিকদার জানান, এটি তাঁর অত্যন্ত পছন্দের একটি সৃষ্টি। বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর সময় ২০২০ সালে গানটির কথা লিখেছিলেন তিনি এবং সে সময়ই এর অডিও রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছিল। তবে মানসম্মত একটি ভিডিও নির্মাণের জন্য তাঁকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এর মাঝে নিজের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শরতের জবা’ (২০২৪) নির্মাণ ও মুক্তি নিয়ে চরম ব্যস্ততায় থাকায় গানটি প্রকাশ্যে আনতে বিলম্ব ঘটে। অবশেষে ভক্ত-শ্রোতাদের দীর্ঘদিনের তাগিদ ও নিজস্ব ভালোলাগা থেকেই গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মাহমুদ সানির সুর ও সংগীতায়োজনে তৈরি এই গানে কুসুম শিকদারকে তাঁর চিরচেনা রোমান্টিক ধারার বাইরে একটু ভিন্ন ও পরিপক্ব রূপের গায়িকা হিসেবে পাওয়া গেছে। এর আগে পরিচালক নকুল সরকারের সঙ্গেই রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’ গেয়েছিলেন এই শিল্পী।
গানের পাশাপাশি অভিন ও পরিচালনার দুনিয়া থেকেও নতুন সুখবর দিয়েছেন কুসুম শিকদার। তিনি নিশ্চিত করেছেন যে, আগামী বছরের (২০২৭) প্রথম দিকেই তিনি তাঁর দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন। প্রথম সিনেমার সাফল্যের পর নতুন এই চলচ্চিত্র পরিচালনা নিয়েও তাঁর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।