
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী শেখ। ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই বিঘা জমি দুই বছরের জন্য লিজ নিয়ে স্থানীয় তরুণদের খেলার জন্য একটি মাঠ তৈরি করে দিয়েছেন তিনি।
উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে তৈরি করা এ খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লাল মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. চান মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম হোসেন।
উদ্যোক্তা হযরত আলী শেখ বলেন, তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের অবসর সময় ইতিবাচক কাজে ব্যয় করার সুযোগ করে দিতেই ব্যক্তিগত উদ্যোগে জমি লিজ নিয়ে এ খেলার মাঠ তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মাঠটি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিটি এলাকায় স্থায়ী খেলার মাঠ নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয়রা জানান, ব্যক্তিগত উদ্যোগে তরুণদের জন্য খেলার মাঠ তৈরি করে দেওয়ার বিষয়টি প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়লে গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম খেলাধুলার সুযোগ পাবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।