
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ঘের ব্যবসায়ী। তাঁর পিতার নাম মৃত হরিপদ মণ্ডল। শনিবার (৭ নভেম্বর) স্থানীয় এলাকাবাসী নদীর পানিতে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। স্থানীয় লোকজন মাছ ধরতে যাওয়ার সময় রমেশের পাটার কাছে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে কাজ করছে। পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় রঞ্জন মণ্ডলের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও হলুদ রঙের শার্ট। শার্টের ভেতরে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ছিল। চোখে ছিল পাওয়ার চশমা। শার্টের পকেটে একটি কলম ও ডায়েরি পাওয়া যায়। তাঁর ডান হাতে ছিল তামার আংটি এবং পায়ে ছিল চকলেট রঙের স্যান্ডেল। তবে কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।#
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সকল সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, যশোর-৬ কেশবপুরের সাংসদ অধ্যাপক মোক্তার আলি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএপির সভাপতি আবুল হোসেন আজাদ। বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মোঃ সাইদুর রহমান সাইদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম সহিদ প্রমুখ। কেশবপুরের সাংসদ অধ্যাপক মুক্তার আলী বলেন শহীদ জিয়ার জন্যই এদেশে জামাত রাজনীতি করার সুযোগ পেয়েছে ।