
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায় প্রায় ৭০-৮০ বছর ধরে ব্যবহৃত চলাচলের পথে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০টি পরিবারের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। হঠাৎ করে চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, পুন্ডুরা সেওড়াতলা এলাকার এই পথটি দীর্ঘ ৭০-৮০ বছর ধরে স্থানীয় লোকজন চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। তবে গতকাল রাতে পুন্ডুরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাদশা মিয়া লোকজন নিয়ে ওই পথে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে কয়েকটি পরিবারের সদস্যরা চরম বিপাকে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পথটি বন্ধ থাকায় অটোরিকশাচালকেরা তাঁদের যানবাহন নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। একইভাবে কেউ কেউ রিকশা নিয়েও বাড়িতে প্রবেশ করতে পারছেন না। এতে দৈনন্দিন যাতায়াত, কর্মস্থলে যাওয়া এবং জরুরি প্রয়োজনে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
এদিকে পথ বন্ধের কারণ জানতে এবং বিরোধের বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে বাদশা মিয়া জানান, তাঁর বাপ-দাদার আমল থেকেই ওই পথ দিয়ে লোকজন চলাচল করে আসছেন। তবে পথটি তাঁর ব্যক্তিগত জমির ওপর দিয়ে গেছে। তাই এককভাবে তিনি ওই জমি ছেড়ে দিতে পারবেন না।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানের পাশাপাশি দীর্ঘদিনের ব্যবহৃত পথটি চলাচলের জন্য উন্মুক্ত রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।