
দাদার হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব এবার আমার কাঁধে—এক গৌরবময় অনুভূতি!
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়নের ইসলামনগর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কর্পোরেট জগতের একজন সফল ব্যক্তি ও এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা শিক্ষানুরাগী মরহুম হাজী হাদেক আলী বিশ্বাসের সুযোগ্য উত্তরসূরী এ কে এম কামরুজ্জামান নিলু।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি এ কে এম কামরুজ্জামান নিলু বলেন:কিছু প্রাপ্তি কেবল ব্যক্তিগত আনন্দের নয়, বরং পারিবারিক ঐতিহ্য, শেকড়, স্মৃতি ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। আজ আমার জীবনে তেমনই একটি স্মরণীয় দিন।
আমার দাদা মরহুম হাজী হাদেক আলী বিশ্বাস ১৯৩৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন ঝিনাইদহ সদর উপজেলার ১৫ নম্বর কালীচরণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলাম নগর (ভগবান নগর) প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ পথপরিক্রমায় ১৯৭৩ সালে, স্বাধীন বাংলাদেশের প্রথম পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ কার্যক্রমের সময়, বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে।
এই বিদ্যালয়ের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক কেবল প্রতিষ্ঠাতার উত্তরাধিকারেই সীমাবদ্ধ নয়। আমার বাবা এবং আমরা সকল ভাইবোন এই বিদ্যালয় থেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছি। শুধু তাই নয়, পরবর্তী সময়ে আমার বাবা, চাচা এবং বড় ভাইয়েরা পর্যায়ক্রমে এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ, প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের পরিচালনা ও উন্নয়নে আমাদের পরিবারের একাধিক প্রজন্ম সম্পৃক্ত থেকেছেন।
যে প্রতিষ্ঠানটি দাদা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বাবা ও আমরা ভাইবোনেরা শিক্ষাজীবনের প্রথম পাঠ নিয়েছি, যে প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব বাবা, চাচা ও বড় ভাইয়েরা পালন করেছেন—আজ সেই প্রতিষ্ঠানের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়া আমার জন্য এক অনন্য আবেগ, আনন্দ ও গৌরবের বিষয়।
এই দায়িত্বকে আমি শুধু একটি পদ বা সম্মান হিসেবে নয়, বরং একটি ঐতিহাসিক আমানত ও সামাজিক দায়বদ্ধতা হিসেবে দেখছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ বিদ্যাপীঠ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।
গণমাধ্যমে তাওয়া বিবৃতিতে তিনি আরো বলেন:আমাকে এই সম্মানজনক দায়িত্ব অর্পণ করায় কমিটির সকল সদস্য, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বিশেষ করে যাঁরা আস্থা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে এই সুযোগ করে দিয়েছেন, তাঁদের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা।
আসুন, ব্যক্তিগত পরিচয় ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলি।
সবার দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ইসলাম নগর (ভগবান নগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের তালিকায় যারা আছেন:
১. এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) — জমিদাতা সদস্য ও সভাপতি
২. তাহমিনা খাতুন — প্রধান শিক্ষক ও সদস্য সচিব
৩. মোঃ আফাঙ্গীর হোসেন রকি — অভিভাবক সদস্য ও সহ-সভাপতি
৪. মোঃ ওয়ালিউর রহমান — অবসরপ্রাপ্ত শিক্ষক সদস্য
৫. হাবিবুর রহমান — বিদ্যোৎসাহী পুরুষ সদস্য
৬. রিক্তা খাতুন — বিদ্যোৎসাহী মহিলা সদস্য
৭. সাধন কুমার ঘোষ — পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি
৮. ওবায়দুল হক — বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি
৯. তহুরা খাতুন — মহিলা অভিভাবক সদস্য
১০. মুসলিমা খাতুন — মহিলা অভিভাবক সদস্য
১১. আবদুর রশিদ — পুরুষ অভিভাবক সদস্য
১২. সাত্তার আলী — সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যে।