
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের বিরোধ অবশেষে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছেছে। টানা প্রায় ৫ ঘণ্টার আলোচনার পর বিবাদমান দুই পক্ষ রাস্তা খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর নির্দেশনা এবং জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে ওই স্থানে নির্মিত সীমানা প্রাচীর অপসারণ এবং জনসাধারণের চলাচলের জন্য নতুন রাস্তার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বুধবার সকাল থেকেই প্রাচীর অপসারণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যারিস্টার দেদার-ই-এলাহীর পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে দেয়াল সরিয়ে রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস বলেন, “উভয় পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, এর মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান হবে।”
মালোপাড়ার বাসিন্দা সুশান্ত বিশ্বাস বলেন, “আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুবই ভোগান্তিতে ছিলাম। এখন রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।”
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুম্মিতা সাহাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, লক্ষীপাশা মৌজার সাবেক দাগ নং ২৬১ ও আর.এস ২০২৮ দাগের একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গত ১৬ এপ্রিল ওই জমিতে প্রাচীর নির্মাণ করলে অন্তত ২০টি সংখ্যালঘু জেলে পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পেলে প্রশাসন উদ্যোগ নিয়ে অবশেষে সমাধানে পৌঁছায়।