
বিস্তারিত কমেন্টে
বিনোদন ডেস্ক
ভারতের সুন্দরী অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করেছিল সেই দেশের গোয়েন্দা পুলিশ৷ শুধু তাই নয়, জেলে থাকাকালীন তাকে হেনস্থা করা হয়েছে বলেও দাবি ওই অভিনেত্রীর। হেনস্থার হাত থেকে রেহায় পাননি অভিনেত্রীর বাবা – মাও। আর এর পেছনে বড় ভূমিকা রাখায় ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলুকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে।
জানা গেছে, গেলো ২২ এপ্রিল (মঙ্গলবার) ভারতের হায়দরাবাদের কাছের রঙ্গরেড্ডি জেলার মইনাবাদ থেকে সাবেক এই গোয়েন্দা প্রধানকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশের সিআইডি। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপির সরকারে গোয়েন্দা প্রধান ছিলেন পিএসআর অঞ্জনেয়ুলু৷ এমনকী রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন তিনি।
জানা গেছে, ইতিমধ্যেই এই ঘটনায় তিন আইপিএস কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে৷ পরে মামলার তদন্তে অঞ্জনেয়ুলুর মইনাবাদের বাসভবনে তল্লাশি অভিযান চালায় সিআইডি৷
গেলো বছর আগস্ট মাসে ওই অভিনেত্রী পুলিশ এবং ওয়াইএসআরসিপি নেতা ও চলচ্চিত্র প্রযোজক কেভি বিদ্যাসাগর রাওয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন৷ অভিনেত্রীর অভিযোগ – তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যে মামলা করেছেন বিদ্যাসাগর রাও৷ তাদের ওই মিথ্যা মামলায় রাজ্যের গোয়েন্দা পুলিশ অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে গ্রেপ্তার করে। অতঃপর ৪০ দিন কারাবাসের পর আদালত তার জামিন মঞ্জুর করেন৷
উল্লেখ্য, অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানির অভিযোগ – তাকে কীভাবে গ্রেপ্তার করা যায় অথবা এই মামলায় আর কাউকে ফাঁসানো যাবে কি না – এগুলো সব পরিকল্পনা করেছেন সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলু৷