
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার
শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া।
আজ শনিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। তবে বর্তমানে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দলীয় কর্মকাণ্ডে আগের মতো সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না। তাই কোনো প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ নিজ ইচ্ছায় আমি পদত্যাগ করছি। তিনি আরও স্পষ্ট করেন যে, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন না, তবে স্থানীয় ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।