নিজস্ব প্রতিবেদক
আজকে থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩।
বিগত দুই বছরের তুলনায় এবারের বইমেলা অনেকটাই ভিন্ন।
করোনাভাইরাস মহামারির জন্য দুই বছর মেলা নির্দিষ্ট সময়ে হতে পারেনি। এই বছর মাস জুড়েই চলবে মেলা। এবছরে সব কিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে, বেরেছে নতুন প্রকাশক ও স্টলের সংখ্যা। গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৫। এবার প্যাভিলিয়ন হয়েছে ৩৮। ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের দিকের বইয়ের স্টল চলে আসছে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। এতে বিন্যাস কিছুটা বদলেছে। এবার জ্যামিতিক ভাবে স্টলের বিন্যাস করা হয়েছে তাই সহজে খুঁজে পাওয়া যাবে এমন মন্তব্য করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।

সম্প্রতি কাগজের মূল্য বৃদ্ধির কারণে বইয়ের মূল্য কিছুটা বেড়েছে জানিয়েছে প্রকাশকরা। কিন্তু এতে বই প্রকাশ কম হবে না বলে ধারণা করা হচ্ছে স্টল বরাদ্দের হিসেবে। এবছর মেলায় অংশ নিচ্ছে ৬০১ টি প্রতিষ্ঠান। এই সংখ্যা গত বছর ছিল ৫৩৪।
মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে অর্থাৎ মন্দির গেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহার করা হবে।
এ বছরের অমর একুশে বইমেলা ২০২৩–এ আদর্শ প্রকাশনীর স্টল বরাদ্দ পাওয়া-না পাওয়া নিয়ে কয়েক দিন ধরে ছিল আলোচনা-সমালোচনা। এ ছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এবং ব্যানারে সরকারের মনোগ্রাম ব্যবহারে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়েও হয়েছে নানা রকম আলোচনা।
আজকে থেকে মাসব্যাপী শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৩–এর সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো। নিরাপত্তার জন্য মেলা এলাকাজুড়ে তিন শতাধিক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে মেলা আয়োজক কমিটি। এবারের বইমেলা পলিথিন ও ধূমপানমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।