
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
আজকের কোমলমতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল বা জিপিএ-৫ অর্জনই জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই সবচেয়ে জরুরি। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সততা, মানবিকতা ও শৃঙ্খলাবোধ থাকতে হবে। মাদক, সন্ত্রাস ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ২৭তম নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
তিনি আরও বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে পদার্পণ করেছে। এটি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এখান থেকেই ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত তৈরি হবে। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। এ অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং কলেজের যেকোনো প্রয়োজনে একজন সংসদ সদস্য হিসেবে তিনি সবসময় পাশে থাকবেন। কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।
গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের সভাপতি ইডিথ মনিদীপা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য আমিনুল ইসলাম নিপু সরদার, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মাহফুজুর রহমান, সহকারী অধ্যক্ষ কাজী শাহিন, শাহানা ফেরদৌস লাইজু, হোসনে জাহান, সামসুল ইসলাম, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ফয়জুল হক সুমন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সহসভাপতি মোস্তফা জামান সুমন বালী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির মোট ৩৬৪ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।