আমতলী (বরগুনা) সংবাদদাতা:
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বরগুনায় আমতলীর বিভিন্ন হাটে শুরু হয়েছে পশু বেচাকেনা। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে জমজমাট হয়ে উঠছে পশুর হাটগুলো। উপজেলার বিভিন্ন স্থান থেকে ট্রাক,নছিমন, পিকাপ ও ইঞ্জিন চালিত বড় নৌকা ভর্তি করে আসছে গরু-ছাগল। ব্যস্ততা বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের।
বুধবার (২১ জুন) উপজেলার সাপ্তাহিক পশুর হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতার চাহিদা মাঝারি ও ছোট আকৃতির গরু।
ক্রেতা মো. হেলাল দফাদার বলেন, অধিকাংশ বিক্রেতাই গরুর দাম অনেক বেশি হাঁকছেন। গত বছর যে সাইজের গরু কিনেছি ৬০ হাজার টাকায় এ বছর ঠিক সে সাইজের গরুর দাম চাওয়া হচ্ছে ৮০ থেকে ৮৫ হাজার টাকা।
গরু বিক্রেতারা হাকিম হাওলাদার জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা এদিক সেদিক হতে পারে, কারণ এ বছরের গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে অধিকাংশ ক্রেতাই গরুর দাম অনেক কম বলছেন।
গরুর খামারি এস এম তানভীর আহমেদ বলেন, অন্যবারের তুলনায় এবার ক্রেতারা গরুর দাম কম বলছেন। এখন পর্যন্ত বড় গরুর ক্রেতাই আসেনি। তবে ছোট ও মাঝারি গরু বিক্রি হলেও আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে না।
আমতলী উপজেলা প্রাণী সমম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক জানান, এবার উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের লোকজন কাজ করছে।
