
নীলফামারী প্রতিনিধি:
ঈদে ঘরমুখী যাত্রীদের আসন সংকট ও যাত্রী পরিবহনে দুর্ভোগ লাঘবে যুক্ত হচ্ছে ১০৬ টি নতুন কোচ। ইতি মধ্যেই ওই কোচ গুলো সংস্কারের উদ্যোগ হাতে নিয়ে পুরোদমে মেরামত কাজ করছে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ।
প্রতি বছরের দুইটি ঈদে যাত্রীসেবার কথা চিন্তা করে কোচ মেরামতের উদ্যোগ নেয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। এ বছরেও যাত্রী সেবায় ১০৬টি কোচ মেরামতের উদ্যোগ নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
সৈয়দপুর রেলওয়ে কারখানার একটি সূত্র বলছে, সৈয়দপুর রেলওয়ে কারখানার ২৯টি শপে (উপ-কারখানা) ১০৬টি কোচ মেরামতের কাজ চলছে। এরমধ্যে রয়েছে ৬০টি ব্রডগেজ ও ৪৬টি মিটার গেজ।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, “আসন্ন ঈদে এ কারখানা থেকে ১০৬টি কোচ সংস্কার কাজ চলছে পুরোদমে। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ১৪ মার্চের মধ্যে এসব কোচ গুলো রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে”।
তিনি বলেন, “প্রতিবছর ঈদে যাত্রীসেবা বাড়াতে এ কারখানা থেকে এসব কোচ পশ্চিমা অঞ্চল এর বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন হিসেবে চালানো হয়”।
১৮৭০ সালে আসাম বেঙ্গল রেলওয়ের বৃহত্তম এ কারখানাটি স্থাপিত হয় নীলফামারীর সৈয়দপুরে।