
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে পরকীয়ার টানে মসজিদের ইমামের সাথে পালিয়ে গেছেন এক প্রবাসীর স্ত্রী। তবে শুধু একা নন, সাথে নিয়ে গেছেন নিজের পাঁচ বছর বয়সী নিষ্পাপ কন্যাসন্তানকেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা/দামুদরকাঠি গ্রামে। পরকীয়ার এই টানে একদিকে যেমন মসজিদে নেই ইমাম, অন্যদিকে প্রবাসী স্বামীর ঘরে নেই স্ত্রী ও সন্তান—বিষয়টি নিয়ে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দামুদরকাঠি গ্রামের মো. কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির দীর্ঘদিন ধরে স্থানীয় কচুয়া পল্লীবিদ্যুৎ সংলগ্ন মসজিদে ইমামতি করে আসছিলেন। গত ১৭ই জুলাই জুমার নামাজ শেষে মসজিদ কমিটির কাছ থেকে সাত দিনের ছুটি নেন তিনি। তবে ছুটির মেয়াদ শেষ হলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি।
পরবর্তীতে অনুসন্ধান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই দিনই তিনি একা নিরুদ্দেশ হননি। পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি (২২)—পিতা মাহাবুব হাওলাদার—তার সাথে উধাও হয়েছেন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন সাম্মি নিজের পাঁচ বছরের অবুঝ কন্যাসন্তানকে সাথে নিয়ে বেলাল ফকিরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন।
মসজিদের মুসল্লিরা জানান, “নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম সাহেব বের হয়ে যান। কিন্তু পরে জানতে পারি তিনি পরকীয়ার টানে পাশের বাড়ির প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। ধর্মীয় শিক্ষক হয়ে এমন অনৈতিক কাজ করায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।”
এদিকে প্রবাসীর ঘরে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি এবং মসজিদের ইমামের নিখোঁজ থাকার বিষয়টি এখন উপজেলার প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। প্রবাসী পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনি প্রক্রিয়ায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।