
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের সামনে প্রধান সড়ক থেকে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবুর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মল্লিক, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন আকন সাবু, সদস্যসচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, কালাম ফরাজী ও মো. আব্দুস সালাম হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশসহ শত শত নেতাকর্মী।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন আকন সাবু বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের যুবসমাজকে উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরিত করতে এবং দেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।
তারা বলেন, দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিভিন্ন সংকটে যুবদল সামনের সারিতে থেকে লড়াই করেছে। গৌরবময় অতীতের ইতিহাস স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ উদ্যোগ দেশের তরুণ সমাজকে ইতিবাচক কাজে আরও উৎসাহিত করবে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় এবং বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ ও জনগণের যেকোনো অধিকার রক্ষায় তারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে মেধা, শ্রম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নেন নেতাকর্মীরা। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যসহ সকল অপশক্তির বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।