
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধোপাদহ–নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে ডি.জে.এস আইডিয়াল স্কুল (জুলারখুপী) হয়ে ভূইয়া বাড়ি তালতলা পুকুরপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরেই কাঁচা অবস্থায় পড়ে আছে। আধুনিক উন্নয়নের ছোঁয়া না লাগায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
সড়কটির মাঝামাঝি স্থানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র অবস্থিত। ফলে এটি শুধু যাতায়াতের পথ নয়, বরং শিক্ষা ও নাগরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল।
স্থানীয়দের ভাষ্যমতে, বর্ষা এলেই দুর্ভোগ চরমে পৌঁছে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়ে, অনেক সময় কাদা-পানিতে নষ্ট হয় তাদের পোশাক। একই সঙ্গে জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে পড়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ।
ডি.জে.এস আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন,
“এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।”
প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেল জানান,
“প্রতিদিনই শিক্ষার্থীরা কষ্ট করে বিদ্যালয়ে আসে। বৃষ্টির দিনে উপস্থিতি অনেক কমে যায়। উন্নয়নের এ যুগে এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক কাঁচা থাকা দুঃখজনক।”
এলাকাবাসীর দাবি, সরিষাবাড়ীর মতো গুরুত্বপূর্ণ উপজেলায় এ ধরনের একটি সড়ক বছরের পর বছর কাঁচা পড়ে থাকা গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও এলজিইডি’র জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের আশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।