
(নাসিম আহমেদ শিমুল),কালিয়াকৈর,(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন নবদম্পতি তানজিন বকসি (২০)ও তার স্বামী হৃদয় হোসেন আছিফ(২৫)। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে (১৪ই এপ্রিল) পহেলা বৈশাখ দিবাগত রাত দশটার দিকে।
নিহত তানজিন বকসীর ফুফাতো ভাই শিপলু বকসী জানান,৬ মাস পূর্বে কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে হৃদয় হোসেন আসিফ এর সাথে একই উপজেলার বলিয়াদি এলাকার মুক্তা বকসীর মেয়ে তানজিন বকসীর পারিবারিকভাবে বিয়ে হয়। ঘটনার দিন রবিবার, পহেলা বৈশাখ উপলক্ষে এই নবদম্পতি বৈশাখী সাজ সেজে মোটরসাইকেল যুগে ঘুরতে বের হন।রাত্রি দশটার দিকে কালিয়াকৈরে বাইপাস সংলগ্ন উড়াল সেতুর নিচে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দিলে স্বামী স্ত্রী উভয়েই মারাত্মক আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের এ মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে মুহূর্তেই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।একই সাথে এ দুটি তাজা প্রাণের অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন জানান,দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের স্বজনদের অনুরোধে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।