
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় র্যাব-১৪, সিপিসি-৩-এর মাদকবিরোধী অভিযানে ২১৯ বোতল নেশাজাতীয় মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ আগস্ট দুপুর ১২টা ৫৫ মিনিটে কালিহাতী উপজেলার পুরাতন আনালিয়াবাড়ি পুকুরপাড় এলাকার কাঁচা সড়কে অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী জেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম রিপন (৩৯)-কে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলের কাঁধের ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ বোতল ফেনসিডিল, ১০০ বোতল এসকাফ সিরাপ এবং ৯৯ বোতল ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল, এসকাফ সিরাপ ও ফায়ারডিল সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।