
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
(রেল কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ১০ দিনের মাথায় কোটচাঁদপুর স্টেশন থেকে রেলওয়ে পুলিশের অভিযান, পলাতক তানভীরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে)
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম। তিনি বলেন, রেলওয়ে পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৬৯১) কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মির্জা কামরুল হক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনরত একজন রেল কর্মকর্তার ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদার ওপরও আঘাত। তারা হামলার ঘটনায় অভিযুক্ত আলামিন ও তানভীরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করা হলে কর্মবিরতি, রেল চলাচল বন্ধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনকে গ্রেপ্তার করে।