
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) থেকে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলা শুরু হয়।
সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান। উদ্বোধনের পরপরই কোটচাঁদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার কার্যক্রম শুরু হয়।
মেলার দ্বিতীয় দিন বুধবার (২০ মে) দুপুরে উপজেলার সেরা ৬ জন ভূমি উন্নয়ন করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—পৌরসভার সলেমানপুর এলাকার কামাল হোসেন, বাজারপাড়ার আবু জাফর, এলাঙ্গী ইউনিয়নের পারভীন সুলতানা, দোড়া ইউনিয়নের সাজ্জাদ হোসেন এবং বলুহর ইউনিয়নের লিয়াকত আলী সরকার।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটালাইজড করা হয়েছে। এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ কোনো ধরনের দালাল বা হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, মেলা প্রাঙ্গণে সরকার নির্ধারিত বিভিন্ন ফি যেমন নামজারি ফি, কোর্ট ফি ও রেকর্ড সংশোধন ফি উন্মুক্তভাবে ব্যানারে প্রদর্শন করায় সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।
মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে নাগরিকরা ই-নামজারি, স্মার্ট ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত জটিল সমস্যার তাৎক্ষণিক সমাধান ও আইনি পরামর্শ গ্রহণ করতে পারছেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা ভূমি কর পরিশোধে সবাইকে উৎসাহিত করে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নিয়মিত ভূমি কর প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তিনি সম্মাননা প্রাপ্ত করদাতাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।