
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইনের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাস্টার আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও সভায় আলোচনা করা হয়।