
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্রী পার্থ কুমার দাস নামে এক তরুণ স্বেচ্ছায় সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে ‘মো. আব্দুল্লাহ আল এহসান’।
জানা গেছে, গত ১৮ জুন ২০২৬ তারিখে স্থানীয় এক আলেমের নিকট পবিত্র কালিমা তৈয়বা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে বিষয়টি আইনগতভাবে স্বীকৃত করতে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হলফনামা সম্পাদন করেন।
আদালতের হলফনামা সূত্রে জানা যায়, মো. আব্দুল্লাহ আল এহসানের (পূর্ব নাম শ্রী পার্থ কুমার দাস) জন্ম ১৫ জুন ২০০৮ সালে। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর ডাকঘরের অন্তর্গত ছায়খাদা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা বিজন দাস এবং মাতা ফুলমতি।
হলফনামায় তিনি উল্লেখ করেন, জন্মসূত্রে সনাতন ধর্মাবলম্বী হলেও দীর্ঘদিন মুসলিম বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে চলাফেরা এবং তাদের ধর্মীয় অনুশাসন, আচার-অনুষ্ঠান ও জীবনাচার পর্যবেক্ষণের মাধ্যমে ইসলাম ধর্মের প্রতি তাঁর গভীর আস্থা ও বিশ্বাস জন্ম নেয়।
তিনি আরও বলেন, ইসলাম ধর্মের মূলনীতি, কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাতসহ বিভিন্ন ধর্মীয় বিধান সম্পর্কে জানার পর তিনি নিজ বিবেক-বুদ্ধি ও স্বাধীন সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা, চাপ কিংবা প্রভাব ছিল না বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
ইসলাম গ্রহণের পর তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ইসলামের বিভিন্ন বিধান পালন করে আসছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে হলফনামায় ঘোষণা করা হয়েছে যে, ভবিষ্যতে তাঁর পূর্ব নাম ‘শ্রী পার্থ কুমার দাস’-এর পরিবর্তে সর্বত্র ‘মো. আব্দুল্লাহ আল এহসান’ নাম ব্যবহৃত হবে এবং সরকারি-বেসরকারি সকল নথিপত্রে নতুন নাম সংযোজন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।