
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে দুই দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজ নিজ স্টলে বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তা ও বাস্তবমুখী উদ্ভাবন মেলায় আগত দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ৮ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে। মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা আরও বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।