
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসেন
খুলনার কয়রা উপজেলায় স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান নুপুর জুয়েলার্স-এ সুপরিকল্পিত চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় দোকান মালিকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মালিক জানান, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে দোকান খুলতে গিয়ে তিনি চুরির বিষয়টি টের পান। এ সময় দোকানের উত্তর-পূর্ব কোণের ছাদসংলগ্ন ওয়াল ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে দোকান মালিক বলেন, প্রাথমিকভাবে আনুমানিক চার থেকে সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত হিসাব শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কয়রা বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম বলেন, কয়রা বাজারে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও চিন্তার বিষয়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বাজার এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভুক্তভোগী মালিক দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।