
শোয়েব হোসেন, গাজীপুর —
গাজীপুর জেলা প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের এই কৃতি সন্তান দীর্ঘদিনের অভিজ্ঞতা, সততা ও কর্মদক্ষতায় নিজেকে একজন নির্ভরযোগ্য প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শিক্ষা–সংস্কৃতিমণ্ডিত পরিবারে জন্ম নেওয়া এই কর্মকর্তা ছোটবেলা থেকেই রাষ্ট্রসেবার প্রতি গভীর অনুরাগী ছিলেন। তাঁর বাবা মরহুম আঃ হেকিম ডাক বিভাগে পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালন করে যে সৎচরিত্র, নৈতিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত রেখে গেছেন, তা আলম হোসেনের কর্মও মননে স্থায়ী ছাপ ফেলে। দাদা মরহুম করিম বক্স ছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক—যাঁর হাত ধরেই উলুহাটি অঞ্চলে শিক্ষার আলোকচ্ছটা ছড়িয়ে পড়ে। এই দুই প্রজন্মের মূল্যবোধ তাঁর প্রশাসনিক জীবনের শক্ত ভিত গড়ে দিয়েছে।
রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। ২০২১ সালের ৭ মার্চ তিনি সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। পরবর্তীতে ২০২৫ সালের ২১ অক্টোবর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন। তাঁর কর্মদক্ষতায় নির্ভরশীল প্রশাসন ও দফতরগুলো তাঁকে একজন দূরদর্শী কর্মকর্তা হিসেবে মূল্যায়ন করে।
চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং নান্দাইল পৌরসভার চন্ডীপাশা আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে তিনি নিজ এলাকার উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হয়ে উঠেছেন। তাঁর গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগের সংবাদে উলুহাটি গ্রাম থেকে শুরু করে সমগ্র নান্দাইলে উচ্ছ্বাস ও গর্বের সঞ্চার হয়েছে। স্থানীয়দের মতে, “এটি শুধু একজন ব্যক্তির সাফল্য নয়; একটি এলাকার বহু বছরের স্বপ্ন ও পরিশ্রমের ফসল।”
গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বভার গ্রহণ তাঁর কর্মজীবনে নতুন অধ্যায় যুক্ত করবে বলে প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন।