
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রুপসা ইটভাটায় চেতনানাশক খাইয়ে ম্যানেজারকে অচেতন করে প্রায় ৭ লাখ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাতে ইটভাটার ম্যানেজারকে চেতনানাশক খাওয়ানোর পর দুর্বৃত্তরা ভাটায় থাকা ২০০ কেভি ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, আইপিএসের তিনটি ব্যাটারি এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে ম্যানেজারকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
চুরি যাওয়া মালামাল ও নগদ টাকাসহ এ ঘটনায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।