
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অসহায় ইন্তাজুলের পাশে দাঁড়িয়েছে মানবতা। গুরুতর আহত হয়ে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া ইন্তাজুলকে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার সময় ইন্তাজুলের বাসায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান নিজ হাতে ওই সহায়তার অর্থ ইন্তাজুলের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মন্ডল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান আপেল ও মামুন হোসেন।
জানা যায়, ইন্তাজুল আলমসাধু থেকে পড়ে গুরুতর আহত হন। এতে তার পা ভেঙে যায়। কিন্তু দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় চিকিৎসা বন্ধ হয়ে পড়ে। এমনকি পরিবারের খাবারের ব্যবস্থাও না থাকায় স্ত্রী-সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটছিল তার। দীর্ঘদিন ধরে তিনি বিছানায় শুয়ে অসহায়ভাবে সময় পার করছিলেন।
এ অবস্থায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন সাংবাদিক জাহাঙ্গীর আলম ও রফিক মন্ডলসহ স্থানীয় সচেতন মহল। তাদের মানবিক আহ্বান নজরে আসে প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের।
পরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং সামাজিক সচেতন মহলের আরও অনেকে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এমন মানবিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।