
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
ফসিল জমিতে থাকা ধানগাছ খেয়েছে একপাল মহিষ। আর এতেই ক্ষুব্ধ কৃষক। ক্ষোভে মহিষের পাল থানায় নিয়ে হাজির তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। কৃষকের এমন কাণ্ডে এলাকায় সৃষ্টি হয় কৌতূহল।
ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গতকাল বুধবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাণ্ড ঘটান। যদিও পরে আপসের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানখেতে একপাল মহিষ ঢুকে ধানগাছ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে যান। পরে বিষয়টি আপসের মাধ্যমে সমাধান করে মালিকের কাছে মহিষ হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আখন্জি বলেন, একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে আসেন। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।