
জামালপুর প্রতিনিধি
উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
আজ (শুক্রবার) সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট ১৮টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট।
এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরামসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে ।
বন্যা ও বৃষ্টির পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মানাধীন মহারানী ব্রীজের এপ্রোজ সড়ক ভেঙ্গে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।দেওয়ানগঞ্জ- খোলাবাড়ি সড়কে একটি ব্রীজের মাটি ধসে গেছে।
মাদাগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের হিদাগারী গ্রামে সড়ক বাঁধের ১শ ফুট ধ্বসে কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করছে।
বন্যার পানির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িঘরে পানি উঠে পড়ায় কয়েকশ পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যার্তদের জন্য ৩শ মেট্টিক টন চাল ও ৩ হাজার ৪শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে, ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, বন্যা মোকাবেলায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।।