
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় গুরুত্বারোপ পুলিশ সুপারের
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
টাঙ্গাইলে জেলা পুলিশের আয়োজনে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) টাঙ্গাইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি পুলিশ সদস্যদের ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম ও সৌজন্যমূলক আচরণ করার নির্দেশনা দেন। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; জেলার সকল সার্কেল কর্মকর্তা এবং টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।