
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কসমেটিকস বিক্রয় প্রতিষ্ঠান ব্লোমিং বিউটি বাই মুন ও একটি জ্বালানি বিক্রয় প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের রেজিস্ট্রিপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফেসবুক পেজে ভাইরাল খ্যাত কসমেটিকস আউটলেট ব্লোমিং বিউটি বাই মুন-এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
অভিযানকালে দেখা যায়, কিছু দেশীয় কসমেটিকস পণ্যের গায়ে বিদেশি ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এছাড়া বেশ কিছু পণ্যের বৈধ কাগজপত্র ও ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুন বলেন, কিছু কাগজপত্রে ভুল ছিল। সেগুলো পরবর্তীতে সংশোধন করে নেওয়া হবে।
এদিকে একই দিনে শহরের থানাপাড়া এলাকায় রমজান স্টোরে অভিযান চালিয়ে ডিজেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা, নকল বা ভেজাল পণ্য বিক্রি এবং নির্ধারিত দামের বেশি নেওয়ার অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।