
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দিয়ে ভুক্তভোগী নারীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে এক আসামি তাকে ধর্ষণ করেন। পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে ধর্ষণে অংশ নেন।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদালতের এ রায়ে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন। একই সঙ্গে এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা গেছে বলে তিনি মন্তব্য করেন।