
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌর শহরের চারটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে গুরুতর অনিয়মের কারণে পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ সংরক্ষণের ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, অ্যাপল হাসপাতালকে ২৫ হাজার টাকা, সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গুরুতর অনিয়মের কারণে পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয় জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।