
মো: আকরাম হোসে
ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ।
ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটি কর্তৃক পরিচালিত গবেষণার অংশ হিসেবে, “জুলাই বিপ্লব পরবর্তী মানসিক স্বাস্থ্য অবস্থা” নিয়ে ডাটা কালেকশন কার্যক্রম শুরু হয়েছে। এই গবেষণার মূল উদ্দেশ্য হলো বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে মানুষের মানসিক স্বাস্থ্যের পরিবর্তন ও বর্তমান মানসিক অবস্থার তথ্য সংগ্রহ করা। গবেষণার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মানসিক অবস্থার উপর বর্তমান অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বিশ্লেষণ করা হবে।
গবেষণা দলে ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছেন। ডাটা কালেকশনের সময় তারা মানুষের মানসিক চাপ, উদ্বেগ, হতাশা, এবং অন্যান্য মানসিক সমস্যার তথ্য সংগ্রহ করছেন। গবেষণা প্রকল্পের সাথে যুক্ত শিক্ষার্থীরা জানিয়েছেন, “বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, এবং এই গবেষণার ফলাফল বাংলাদেশের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।”
সোসাইটির সদস্যরা বিশ্বাস করেন যে, এই গবেষণা ভবিষ্যতে নীতি নির্ধারকদের এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সরবরাহ করবে।